জুনের মধ্যে ২২ জেলায় জিপন, ২৬ মার্চে আলাপ: বিটিসিএল এমডি
অপটিকাল ফাইবারের মাধ্যমে গিগাবাইট প্যাসিভ অপটিক্যাল নেটওয়ার্ক (জিপন) ইন্টারনেট সেবা চালু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। চলতি বছরের জুনের মধ্যে ২২ জেলায় মিলবে এই সেবা। একই সঙ্গে আগামী ২৬ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে বিটিসিএলের আইপি কলিং অ্যাপ আলাপ।
বৃহস্পতিবার ফেসবুক লাইভে গ্রাহকের মতামত, অভিযোগ ও পরামর্শ নিয়ে কথা বলার সময় এসব তথ্য জানান বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন।
তিনি বলেন, 'প্রাথমিক অবস্থায় ঢাকার খিলগাঁও, বনশ্রী, রাজশাহী মেট্রোপলিটন এলাকা, খুলনা সদর, ফরিদপুর সদরে জিপন সুবিধা দেওয়া শুরু হয়েছে। আগামী জুনের মধ্যে ২২ জেলায় জিপন সেবা চালু হবে, ৪২ জেলায় জিপন সেবা চালু করতে আগামী বছরের জুন পর্যন্ত সময় লাগবে। উপজেলায় এডিএসএল চালু করা হবে। টেলিফোন সংযোগ ছাড়াই এখন থেকে বিটিসিএলের ইন্টারনেট সেবা জিপন ব্যবহার করতে পারবে বলেও জানান তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬ মার্চ বিটিসিএলের আইপি কলিং অ্যাপ আলাপ উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।
বিটিসিএলের সব সেবা ডিজিটাইজ করা হয়েছে। এই ডিজিটাল অনলাইনের মাধ্যমে গ্রাহকরা অভিযোগ করতে পারছেন উল্লেখ করে তিনি বলেন, বিটিসিএলের ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে গ্রাহকরা বিল দেখা, বিল দেওয়া, বিটিসিএলের সব ধরনের সংযোগের জন্য আবেদন করতে পারবেন। যেকোনো অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হয়। টেলিফোনে যে অভিযোগ নেওয়া হয় সেই অভিযোগ নিস্পত্তির হার ৯৯ শতাংশ। গ্রাহকসেবা কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা রয়েছে।
ফেসবুক লাইভের কমেন্টবক্সে সেসব প্রশ্ন বা সুপারিশ আসে সেগুলোর ভিত্তিতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয় বলেও জানান তিনি।